বগুড়ার শাজাহানপুরে ৪৫ পিস ইয়াবাসহ মারুফ হাসান বাবু (৩৫) নামে এক ফার্মেসি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে উপজেলার মাঝিড়া বন্দরের কালিবাড়ী রোডে তাঁর মালিকানাধীন বিলাসী মেডিসিন স্টোরের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মারুফ উপজেলার চক চোপিনগর উত্তরপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, মাঝিড়া কালিবাড়ী রোডে একটি ওষুধের দোকানের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে জেলা ডিবির উপপরিদর্শক আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মারুফ পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে পরনের প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ডিবির দাবি, উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৪ দশমিক ৫ গ্রাম।
পুলিশের দাবি, মারুফ দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বগুড়ার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। ঘটনার দিনও বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিয়ে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন।
এদিকে স্থানীয়ভাবে মারুফকে জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। তাঁর ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট ও ছবিতেও জামায়াতে ইসলামীর একাধিক কর্মসূচিতে তাঁর উপস্থিতি দেখা গেছে। এসব কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি তিনি নিজেই প্রকাশ করেছেন বলে জানা গেছে।
তবে মারুফের সাংগঠনিক পরিচয় নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন চোপিনগর ইউনিয়ন জামায়াতের আমির ডা. সালেকুর রহমান। তিনি বলেন, মারুফ জামায়াতে ইসলামীর কোনো শাখায় কখনো সাংগঠনিক দায়িত্বে ছিলেন না এবং বর্তমানে তাঁর কোনো দায়িত্বও নেই। তাঁকে জামায়াতের নিয়মিত কোনো কর্মসূচিতেও সক্রিয়ভাবে দেখা যায়নি। তবে ৫ আগস্ট-পরবর্তী সময়ে জামায়াতের কিছু কর্মসূচিতে শ্রমিক কল্যাণ শাখার পক্ষ থেকে তাঁকে দেখা গেছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার বলেন, ইয়াবাসহ আটক মারুফ হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাজাহানপুর থানায় মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।a