জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগের অংশ হিসেবে নীলফামারীর ছয় উপজেলায় ৩৭৫ প্রশিক্ষণার্থীর মাঝে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
২৫ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) নীলফামারী জেলা কমান্ড্যান্টের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। জেলার ছয় উপজেলায় একযোগে চলমান ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপের নবম দিনে ৩৭৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে ৩৭৫টি বৃক্ষের চারা বিতরণ করা হয়।
বৃক্ষের চারা হাতে পেয়ে প্রশিক্ষণার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। প্রশিক্ষণ শেষে তারা নিজ নিজ বাড়িতে ফিরে চারাগুলো রোপণ করেন। পাশাপাশি চারাগুলোর পরিচর্যা এবং পরিবার ও প্রতিবেশীদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করার উদ্যোগ নেন তারা।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি ‘সবুজ বসতি’ হিসেবে গড়ে তুলতে বনায়নকে নিত্যদিনের অভ্যাসে পরিণত করার আহ্বান জানিয়েছেন।
এই জাতীয় লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদের নেতৃত্বে দেশজুড়ে সবুজায়ন কার্যক্রম জোরদার করা হচ্ছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্য সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। দেশের প্রত্যন্ত অঞ্চলে বিস্তৃত আনসার-ভিডিপির এই নেটওয়ার্ক বৃক্ষরোপণ কর্মসূচিকে দেশব্যাপী সামাজিক আন্দোলনে রূপ দিতে পারে।
সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ সচেতনতা ও জনকল্যাণমূলক চেতনায় ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ মন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। গণমানুষের অংশগ্রহণ ও বাহিনীর মাঠপর্যায়ের সক্রিয়তা দেশের বনায়ন লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখবে।
কেএমএম