সিঙ্গাপুর থেকে ভুটানে ফেরার পথে এক ঘণ্টার সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে ঢাকায় পৌঁছালে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুককে অভ্যর্থনা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দুই দেশের সম্পর্ক নিয়েও আলোচনা করেন তারা।
বুধবার (২৬ আগস্ট) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের পঞ্চম ড্রুক গ্যালপো (ড্রাগন রাজা) জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুককে স্বাগত জানান রাষ্ট্রপতি।
এ সময় রাষ্ট্রপতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ভুটানের রাজা ও রাজপরিবারের প্রতি উষ্ণ শুভেচ্ছা জানান।
সাক্ষাতে দুই নেতা বাংলাদেশ ও ভুটানের বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় ও বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীসুলভ সম্পর্ক নিয়ে কিছু সময় আলোচনা করেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন। পরে তিনি ভুটানের রাজাকে বিদায় জানান।