পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের একটি সাক্ষাৎকার নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম যমুনা টেলিভিশনের একটি বিশেষ সাক্ষাৎকারে অংশ নিয়েছেন। সাক্ষাৎকারে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। পোস্টের কমেন্টে সাক্ষাৎকারটির লিংকও দেওয়া হয়।
পোস্টটির কমেন্টে সারজিস আলম লেখেন, ‘একটা দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজ থেকে কী পোস্ট করা উচিত, সেই বিষয়ে আপনাদের মিনিমাম কমনসেন্স থাকা দরকার।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি সরকারি প্রতিষ্ঠানের ভেরিফায়েড ফেসবুক পেজে একজন প্রতিমন্ত্রীর বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকারের প্রচারণামূলক পোস্ট দেওয়া নিয়েই মূলত প্রশ্ন তুলেছেন সারজিস। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই পোস্টে সাধারণ ব্যবহারকারীদের মন্তব্য করার সুযোগ সীমিত করা হয়।