আমাদের জীবনের প্রত্যেকটি কাজে আমাদের উচিত হযরত মুহাম্মদ (সা.)-কে অনুসরণ করা। এতে আমাদের জীবন আলোকিত হবে। আমরা যদি তাঁর পথ অনুসরণ করি, তাহলে আমাদের হৃদয় আলোকোজ্জ্বল হয়ে উঠবে। আমরা বিপথগামী হবো না। আমরা যদি জাতীয় জীবনে নবী মুহাম্মদ (সা.)-কে অনুসরণ করি, তাহলে আমরা একটি ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন করতে পারবো।
২৬ আগস্ট (বুধবার) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে এসব কথা বলেন বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি আরও বলেন, “এক উত্তাল তরঙ্গের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এক ফ্যাসিবাদের পতন হয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে এ দেশের ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। এবং এক নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করেছে। আমাদের সরকার জনগণের সরকার, আমরা জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করবো।”
রিজভী বলেন, “আমাদের মন্ত্রী ও নেতারা গণমাধ্যমে জবাবদিহি করছেন, সংসদে জবাবদিহি করছেন। এই জবাবদিহিতা মূলত জনগণের নিকট জবাবদিহিতা। এই জবাবদিহিতা নিশ্চিত করেছেন আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।”
তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে আরও বলেন, “বর্তমানে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে এটির আরও উত্তরণ ঘটানো প্রয়োজন। জনগণ আশা করে, আপনি আইনশৃঙ্খলাকে আরও শক্তিশালী করবেন এবং অপরাধীরা দ্রুত গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি হবে।”
বক্তব্যের শেষে তিনি বলেন, “হযরত মুহাম্মদ (সা.) মানব ইতিহাসের শ্রেষ্ঠ ব্যক্তি। তাঁর আদর্শকে ধারণ করে তারেক রহমানের সরকারকে ইনসাফ ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং বিএনপি জনগণের সরকার হিসেবে কাজ করে যাবে।”
কেএমএম