গোবিপ্রবি প্রতিনিধ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) রেডিওর আয়োজনে সাপ্তাহিক উদ্যোক্তা বাজারের উদ্বোধন হয়েছে। এ আয়োজনে গণমাধ্যম সহযোগী হিসেবে রয়েছে গোবিপ্রবি প্রেসক্লাব।
বুধবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটায় হাদী চত্বরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা গাজী মোহাম্মদ মাহবুব ফিতা কেটে সাপ্তাহিক উদ্যোক্তা বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় সংগঠনটির উপদেষ্টা সুপ্তি বালা, গোবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি সজিবসহ রেডিওর নেতৃবৃন্দ ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে তাঁরা বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করেন।
উদ্বোধনের আগেই বাজারে দর্শনার্থী ও ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা শেষে বাজারে এসে পণ্য দেখেন ও কেনাকাটা করেন।
সরেজমিনে দেখা যায়, প্রায় ১৫ থেকে ২০ জন উদ্যোক্তা তাঁদের পণ্য নিয়ে দোকান দিয়েছেন। এসব দোকানে হাতের তৈরি বিভিন্ন পণ্য, শখের গাছ, পুরোনো প্যান্ট থেকে তৈরি স্টাইলিশ পোশাক, সুগন্ধি, রূপচর্চার সামগ্রী, ইলেকট্রনিক পণ্যসহ নানা ধরনের পণ্য পাওয়া যাচ্ছে।
সাপ্তাহিক উদ্যোক্তা বাজারের এ উদ্যোগকে ঘিরে নতুন সম্ভাবনা দেখছেন ক্রেতা ও উদ্যোক্তারা। এক জায়গায় স্বল্পমূল্য থেকে তুলনামূলক বেশি দামের বিভিন্ন পণ্য পাওয়ায় উচ্ছ্বসিত ক্রেতারা। অনলাইনে বিভিন্ন ফেসবুক পেজ ঘুরে পণ্য খোঁজার পরিবর্তে বাজারে এসে সরাসরি পণ্য হাতে পাওয়ায়ও সন্তুষ্টি প্রকাশ করেছেন তাঁরা।
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোক্তা সিফাত আমরিন বলেন, ‘আমি ২০২০ সাল থেকে গ্লো ট্রেজারি নামের পেজে পণ্য বিক্রি শুরু করি। আমার কাছে হাতের তৈরি চুড়ি, আংটি, চায়না-কোরিয়ান পণ্য, ভারতীয় চকলেট, শন পাপড়ি, মেহেদি এবং শ্রীমঙ্গলের চা-পাতাসহ মোটামুটি অনেক কিছুই পাওয়া যায়। আমি খুব অল্প লাভে পণ্য দেওয়ার চেষ্টা করি। আমার পণ্যের দাম ২০ টাকা থেকে শুরু। অনেক ধরনের পণ্য থাকায় একেকটির দাম একেক রকম। আশা করি, রেডিওর এই উদ্যোগের মাধ্যমে আমার মতো উদ্যোক্তারা উপকৃত হবেন।’
তিনি আরও বলেন, ‘অনলাইনের মাধ্যমে নিজের পরিচিতি তৈরি করতে অনেক সময় লাগে। কিন্তু এ ধরনের উদ্যোগের মাধ্যমে সেই সময় কম লাগবে। প্রতিটি শিক্ষার্থীর জন্য এই উদ্যোগটি ভালো হয়েছে। তবে আয়োজনটি আরেকটু গোছানো হলে সবার জন্য আরও ভালো হবে।’
এদিকে, সাপ্তাহিক বাজারের মাধ্যমে শিক্ষার্থীরা আত্মনির্ভরশীল হতে উৎসাহিত হবে বলে মনে করছেন আয়োজক গোবিপ্রবি রেডিওর নেতৃবৃন্দ।
সংগঠনটির সভাপতি নাহিদা ইসলাম নদী বলেন, ‘গোবিপ্রবি রেডিও কর্তৃক আয়োজিত উদ্যোক্তা বাজার বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি নতুন ও গর্বের অধ্যায়। শিক্ষার্থীদের সৃজনশীলতা, দক্ষতা ও উদ্যোক্তা-চেতনাকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীদের এমন সৃজনশীল ও ইতিবাচক উদ্যোগে উৎসাহ ও সহযোগিতা করে এসেছে। আমরা আশাবাদী, ভবিষ্যতেও প্রশাসনকে আমাদের পাশে পাব এবং সম্মিলিতভাবে শিক্ষার্থীদের জন্য আরও নতুন ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে পারব।’
উদ্বোধন-পরবর্তী বক্তব্যে ছাত্র উপদেষ্টা গাজী মোহাম্মদ মাহবুব এমন আয়োজনের প্রশংসা করেন এবং প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।