ডিআইইউ প্রতিনিধি:
বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং সাবেক শিক্ষার্থীদের মধ্যে পরিচিতি বাড়ানো, পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগের বন্ধন সুদৃঢ় করতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ফার্মেসি বিভাগের রংপুর বিভাগীয় ছাত্র সংগঠনের সদস্যরা ‘চড়ুই ভাতি’ অনুষ্ঠানের আয়োজন করে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ফার্মেসি বিভাগের, রংপুর বিভাগীয় ছাত্র সংগঠনের সকল সদস্য অংশ নেন।
অনুষ্ঠানে বিভিন্ন পেশায় নিয়োজিত সাবেক শিক্ষার্থীরা নিজেদের পেশা জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। পড়াশোনা শেষ করার পর পেশাগত জীবনে কিভাবে ভালো করা যায় সে ব্যাপারেও তারা আলোচনা করেন। দুপুরের খাবারের পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ ও উচ্ছ্বাস।
আয়োজক শিক্ষার্থীরা জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনেক সময় সিনিয়র ও জুনিয়রদের মধ্যে ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগ কম থাকে। একে অপরের সঙ্গে পরিচিত হওয়া এবং পারস্পরিক শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা ও সম্প্রীতির সম্পর্ক গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।