জুলাই আন্দোলনে শহীদ ও নির্যাতিত পরিবারগুলোই আমাদের শক্তির উৎস
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জুলাই আন্দোলনের শহীদ ও নির্যাতিত পরিবার গুলোই আমাদের উৎসাহ, উদ্দীপনা এবং শক্তির উৎস।
তিনি বলেন, সর্বশেষ জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যে আকাঙ্ক্ষা। এই সরকার বদ্ধপরিকর সে আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়ন করতে। আজকে হয়ত কেউ কেউ বলতে পারে যে সরকার এই নির্যাতিত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে। কিন্তু আমি কথাটা একটু ঘুরিয়ে অন্যভাবে বলতে চাই। এই মানুষগুলো বা এই পরিবারগুলোর সহযোগিতা বা সমর্থন আছে বলেই সরকার পূর্ণ উদ্যোগে সেই শহীদ বা আত্মত্যাগকারী যে মানুষগুলো তাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য উৎসাহ নিয়ে, উদ্দীপনা নিয়ে সরকার কাজ করছে।
শনিবার (২৯ আগস্ট) রাজধানীর তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের চাকরি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, স্বাভাবিকভাবেই আপনাদের সামনে দেখে আমিও কিছুটা ইমোশনাল বোধ করছি। তারপরেও স্বাভাবিকভাবেই বড় কিছু অর্জন করতে গিয়ে আমাদের যে ত্যাগ স্বীকার করতে হয়েছে। যে মানুষগুলো ত্যাগ স্বীকার করেছেন। যারা আমাদের মাঝে আছে। যারা আমাদের মাঝে নেই। সব রকম মানুষ যারা ত্যাগ স্বীকার করেছেন। যেই লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে আপনার পরিবারের যে সদস্য যারা আজকে হারিয়ে গিয়েছে। তারা যে লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে এ দেশের জন্য বা এই দেশের মানুষের জন্য যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। যারা বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা যে ত্যাগ স্বীকার করেছেন। বর্তমান সরকার তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে সেই লক্ষ্য বা উদ্দেশ্য দেশ এবং জাতিকে ঘিরে যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সরকার বাস্তবায়ন করতে পারে।
তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত এদেশের মানুষ আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত রাখবে। আমরা ততদিন পর্যন্ত এই পরিবারগুলোর সমর্থন বা আশা প্রত্যাশা করব।
তারেক রহমান বলেন, এই দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য সরকার সব সময় চেষ্টা করবে, সরকারের চেষ্টা থাকবে যত লিমিটেশনে থাকুক। তার মধ্যে চেষ্টা থাকবে এই মানুষগুলোর পাশে থাকার জন্য। এই পরিবারগুলোর পাশে থাকার জন্য।