রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন কামারপাড়া কাঁচাবাজারের সামনে পিকআপ ছিনতাইয়ের চেষ্টার সময় রায়হান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার এক সহযোগী পালিয়ে গেছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে কামারপাড়া কাঁচাবাজারের সামনে প্রধান সড়কে একটি পিকআপ থামিয়ে এর চালক মো. ইয়াছিনকে মারধর করে গাড়িটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুই ব্যক্তি।
চালকের চিৎকার শুনে সেখানে দায়িত্বে থাকা পুলিশ সার্জেন্ট মো. ইসরাফিল হোসেন ও এটিএসআই আমির ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা একজনকে আটক করতে সক্ষম হলেও অপরজন পালিয়ে যায়।
আটক রায়হানের দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেটে থাকা একটি কৌটা থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক রায়হানের বাবার নাম মো. শুকুর মিয়া। তিনি উত্তরা পশ্চিম থানার এরশাদ নগর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটক রায়হানকে উত্তরা পশ্চিম থানার এসআই সুমনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।