দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়ন পেয়েছেন আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মো. সাইফুল্লাহ রাসেল। সোমবার (২৪ আগস্ট) বাহিনীর সদর দপ্তরে তাঁর র্যাংক ব্যাজ পরিধান ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহাপরিচালকসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ সাইফুল্লাহ রাসেলকে নতুন পদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
মহাপরিচালক বলেন, ‘যথাযথ যোগ্যতা, সময়োপযোগী সক্ষমতা ও পেশাদারিত্ব অর্জনের মাধ্যমে অতিরিক্ত মহাপরিচালক পদে পদোন্নতি পাওয়া মো. সাইফুল্লাহ রাসেল দীর্ঘদিন ধরে সাংগঠনিক আস্থা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।’
তিনি বলেন, ‘এই পদোন্নতির ধারাবাহিকতায় আনসার-ভিডিপি একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমে উৎকর্ষতা ও আধুনিকায়নের মাধ্যমে আগামী দিনে বাহিনীকে একটি সুবৃহৎ পেশাদার প্যারামিলিটারি ফোর্স হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।’
মহাপরিচালক আরও বলেন, ‘১৮তম বিসিএসের এই কর্মকর্তা তাঁর পেশাদারিত্ব ও অভিজ্ঞতাকে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং কল্যাণে আরও দৃঢ়ভাবে কাজে লাগাবেন। পাশাপাশি অধীনস্থদের সঠিক পথ প্রদর্শনে তিনি অনুপ্রাণিত করবেন বলে আশা করি।’
অনুষ্ঠানে বাহিনীর সদর দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত কর্মকর্তা, বিভিন্ন জোনের অধিনায়ক ও জেলা কমান্ড্যান্টরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, অতিরিক্ত মহাপরিচালক হিসেবে সাইফুল্লাহ রাসেলের পদায়ন তাঁর দীর্ঘ পেশাগত পথচলার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।