পবিপ্রবি প্রতিনিধি
শেখ হাসিনাকে দেশে ফেরানোর গোপন তৎপরতায় জড়িত ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের তালিকায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কয়েকজন শিক্ষকের নাম আসার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
সোমবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। প্রশাসন জানায়, সংশ্লিষ্ট প্রক্রিয়া শেষে খুব দ্রুতই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।
এর আগে গত ৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা অফিস আদেশে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এতে উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলামকে আহ্বায়ক, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান ও অধ্যাপক ড. নেছার উদ্দিন আহমেদকে সদস্য এবং রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেনকে সদস্যসচিব করা হয়।
ইতোমধ্যে তদন্তের অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের জানিয়েছেন তদন্ত কমিটির সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকরা। তাঁরা জানান, বিষয়টির ব্যাপকতা বিবেচনায় নিয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের পাশাপাশি আরও বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও তদন্ত কমিটির সদস্যসচিব অধ্যাপক মো. জামাল হোসেন বলেন, ‘আমাদের তদন্ত প্রতিবেদন খুব শিগগিরই জমা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি অনুযায়ী এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা অনেকাংশেই তদন্ত প্রতিবেদনের কাজ সম্পন্ন করে ফেলেছি। খুব দ্রুতই জমা দেওয়া হবে। এখানে আমরা বৃহত্তর পরিসরে তদন্ত চালিয়ে যাচ্ছি। গণমাধ্যমে যেসব নাম এসেছে, তার বাইরে আরও অনেক কিছুই আছে। আমরা শিগগিরই সবকিছু সামনে নিয়ে আসব।’
তিনি আরও বলেন, ‘এ মুহূর্তে তদন্তের স্বার্থে বেশি কিছু বলা যাচ্ছে না। তবে শাস্তি প্রদানের পাশাপাশি সবকিছুই প্রকাশ্যে নিয়ে আসা হবে। আমরা শিগগিরই সেই প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছি।’