ফেনীর মহিপালে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ঢাকা হোটেল নামে একটি আবাসিক হোটেল থেকে মাদকদ্রব্যসহ ৮ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুই ব্যক্তিকে কারাদণ্ড, একজনকে অর্থদণ্ড এবং অন্যদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া এ অভিযানে নেতৃত্ব দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদক কারবারের গোপন খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ওই হোটেলে অভিযান চালায় মাদকবিরোধী টাস্কফোর্স। অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ, শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম, ট্রাফিক পুলিশ সার্জেন্ট মোহাম্মদ কবির হোসাইনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় হোটেলের বিভিন্ন কক্ষে মাদকসেবনরত অবস্থায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে আবুল হোসেন শ্রাবণ (৩৬) ও মহিউদ্দিনকে (৩২) আটকের পর তারা অপরাধ স্বীকার করেন। পরে শ্রাবণকে ১২ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং মহিউদ্দিনকে ১০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া হোটেলের ম্যানেজার মোমিনুল হক রিপনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সাজ্জাদ হোসেন শিপন (৪৫), রমজান আলী (৪০), মো. জহির (৩৭), আরাফাত হোসেন (৪২) ও এক নারীর বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়।
এ প্রসঙ্গে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ ঢাকা এক্সপোজকে জানান, নির্দেশনা অনুযায়ী মামলা করাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে মোট আটজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা এবং আরেকজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অন্যদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।